মহাকুম্ভে পদপিষ্টে মৃত অন্তত ৩০, আহত ৬০, জানাল পুলিশ 

0
163
ছবি সৌজন্যে : এক্স
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। আর কমপক্ষে ৬০ জন গুরুতর আহত হয়েছে। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
 এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রয়াগরাজ পুলিশের তরফে ডিআইজি বৈভব কৃষ্ণ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাত ১টা থেকে ২টোর মধ্যে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করাও সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাকি ৫ জনের চিহ্নিতকরণের চেষ্টা চলছে। ১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্যস্নান। সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে জড়ো হন পুণ্যার্থীরা। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুল্যান্সে করে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আরও বহু মানুষ।