
উন্নাওকাণ্ডে জামিনের প্রতিবাদকে বিদ্রুপ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভর। নির্যাতিতা ও তাঁর বাড়ির লোকজনকে কেন পুলিশ ধর্নাস্থল থেকে সরিয়ে দিল, সেই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওপি রাজভরকে জিজ্ঞাসা করা হলে, তিনি নির্যাতিতাকে বিদ্রুপ করে বলেন, যখন আদালত সেঙ্গারকে নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করেছে, তখন কেউ কোথায় অনিরাপদ?
নির্যাতিতার পরিবার এখন দিল্লিতে কী করছে? ওনার বাড়ি উন্নাওতে না? দিল্লিতে বিক্ষোভের কী প্রয়োজন? এরপরেই তিনি হেসে ফেলেন। উল্লেখ্য, উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গারকে শর্তসাপেক্ষে জামিনের প্রতিবাদে ঠান্ডার মধ্যে ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা, তাঁর মা এবং নারী অধিকার কর্মীরা। বিক্ষোভরত অবস্থায় দিল্লি পুলিশ নির্যাতিতা ও তাঁর মাকে বিক্ষোভস্থল থেকে হঠিয়ে দেয়। নারী অধিকার কর্মী যোগিতা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আদালতের রায়ের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন বাহ রে দেশের আইন, এটাই দেশের ন্যায়।
কীভাবে বাঁচাবেন দেশের মেয়েরা। কীভাবে মহিলারা ন্যায় পাবেন। দিল্লি হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় করেছেন নির্যাতিতার মা। তিনি বলেছেন অভিযুক্ত বাড়িতে থাকুক বা ৫০০ কিলোমিটার দূরে তাতে কিছু যায় আসে না। যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে। তিনি আরও বলেছেন তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বিবেচনা করে আদালতের নিরপেক্ষ শুনানি করা উচিত।








