
৪৮ ঘন্টার ব্যবধানে ফের ইউপিআই বিভ্রাটের অভিযোগ দেশজুড়ে। গত ৩০ দিনে এই নিয়ে চতুর্থবার ইউপিআই বিভ্রাটের জেরে অনলাইনে লেনদেনে সমস্যায় পড়েছেন উপভোক্তারা। কলকাতার পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদের মতো শহরে ইউপিআই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল সকালে।
শনিবারই ইউপিআই বিভ্রাটে দেশ জুড়ে সমস্যা পড়েছিলেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। এনপিসিআই সে দিন বিবৃতি জারি করে জানিয়েছিল, অনবরত যান্ত্রিক গোলযোগের কারণে অনলাইন লেনদেনে সমস্যা হচ্ছিল। সোমবার সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেছেন সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন লেনদেনের সময়ে সংশ্লিষ্ট অ্যাপে কিউআর কোড স্ক্যান করা যায়নি।
অথবা কোনও কোনও ক্ষেত্রে টাকা পাঠিয়ে দেওয়ার পরেও বাতিল হয়ে গিয়েছে লেনদেন। এদিন দুপুর পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার নিশ্চতা মেলেনি এনপিসিআই কর্তৃপক্ষের তরফে।
