
পানামা খালে মার্কিন সেনার উপস্থিতি জোরদার করার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস থেকে এ সংক্রান্ত নির্দেশিকা গিয়ে মার্কিন ফৌজের সদর দফতরে। সেই সঙ্গে, ওই অন্তর্বর্তীকালীন জাতীয় প্রতিরক্ষা কৌশলগত নির্দেশিকায় পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সমস্ত রকম সামরিক বিকল্প পর্যালোচনা করারও নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর।
প্রেসিডেন্ট ভোটে জয়ের পরেই পানামা খাল দিয়ে যাওয়া আমেরিকান জাহাজগুলি থেকে অন্যায়ভাবে ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখান দিয়ে প্রশান্ত এবং আতলান্তিক মহাসাগরকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ খালটি পরিচালনার ক্ষেত্রে চিন প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।
