
হরমুজ প্রণালীর কাছে ইরানের ঘাঁটিতে বিধ্বংসী বাঙ্কার বাস্টার ফেলেছে আমেরিকা! মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী নিকটবর্তী ইরানের উপকূল বরাবর সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিতে কয়েকটি ২ হাজার ২০০ কেজির বাঙ্কার বাস্টার ফেলা হয়েছে।
আমেরিকার দাবি, জলপথের এই গোপন ঘাঁটিগুলি থেকে ইরান হরমুজ প্রণালীতে বাধার সৃষ্টি করছে। তাই ওই ঘাঁটিগুলি উড়িয়ে দেওয়া প্রয়োজন। মার্কিন প্রশাসনের দাবি, তারা যে কোনও উপায়ে সচল করবেই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি। এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। পারস্য উপসাগরের উপকূলে রয়েছে— সৌদি আরব, কাতার, বাহরিন, কুয়েত, ইরাক। প্রতিটি দেশই অপরিশোধিত তেলের খনি।
এই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে তেল এবং প্রাকৃতিক গ্যাস রফতানি করা হয়। রফতানির প্রধান পথ হরমুজ়। তবে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল, হরমুজ দিয়ে কোনও জাহাজ চলাচল করতে দেওয়া হবে না!






