
প্রথম দফায় ২০৫ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে নেমেছে মার্কিন সেনার বিমান।যাত্রীদের জন্য খাবার এবং অস্থায়ী শৌচালয়ের বন্দোবস্ত করা হয়েছে বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়াতে।
আমেরিকা থেকে আসা এই বেআইনি অভিবাসীদের মধ্যে রয়েছেন একাধিক রাজ্যের বাসিন্দা। এর মধ্যে গুজরাট ও হরিয়ানার ৩৩ জন করে, পাঞ্জাবের ৩০ জন, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের তিন জন করে এবং চণ্ডীগড়ের দু’জন বাসিন্দা রয়েছেন। এ ছাড়াও মার্কিন মিলিটারি বিমানে ছিলেন ১১ ক্রু। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয়েছে পাঞ্জাব পুলিশকে। সেই মতো আঁটোসাঁটো নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে। সূত্রের খবর, প্রথম দফায় এই ২০৫ জনকে পাঠানো হয়েছে ভারতে। এরপরে আমেরিকায় থাকা আরও অবৈধবাসী ভারতীয়কে ক্রমে ক্রমে পাঠানো হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমান সওয়ার প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখা হয়েছে। এর থেকে নয়াদিল্লির সক্রিয়তাও স্পষ্ট বোঝা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগী হন। এমন অভিবাসীদের চিহ্নিত করে ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যে আমেরিকায় বসবাসকারী বেশ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করে আমেরিকা।
তার মধ্যে ভারতও রয়েছে। মঙ্গলবার অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে হোয়াইট হাউস।








