
রাশিয়ার তেল কিনে মুনাফা লুটছে ভারত, আমেরিকার এই দাবিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসাবে দাবি করেছে ভারতের বিদেশমন্ত্রক। শুধু তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও ভারতের নীতি এদিন স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আমেরিকার কুকথার জবাবে এদিন সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। যা অভিন্ন স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে সুসম্পর্কের ভিতের উপর দাঁড়িয়ে। দুই দেশের সম্পর্ক বহু পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছে ঠিকই, তবে তা আজও অটুট। ভারত চায় পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে চলুক। একইসঙ্গে বলেছেন, আমেরিকার আধিকারিকের তরফে যে মন্তব্য করা হয়েছে তা শুধু মিথ্যা নয়, বিভ্রান্তিকর। এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্যে ভারত-আমেরিকার সম্পর্ককে প্রভাবিত করবে না।
উল্লেখ্য, রাশিয়ার তেল কেনার জন্য সম্প্রতি ভারতের তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী তথা বাণিজ্য উপদেষ্টা নাভারো। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী একজন মহান নেতা। কিন্তু কেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিনের সঙ্গে একই শয্যায় যাচ্ছেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতার এটা করা উচিত নয় মন্তব্য করেছিলেন উপদেষ্টা নাভারো।
