
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা ‘খর্ব’ করতে মার্কিন আইনসভায় প্রস্তাব পাশ হল। অবিলম্বে ইরান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মার্কিন আইনসভার নিম্নকক্ষে এই প্রস্তাব পাশ হতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ট্রাম্প ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ২১৫-২০৮ ভোটে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন ২১৫ সদস্য। ঘটনাচক্রে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই ক্ষমতা ‘খর্ব’ করার বিষয়ে ডেমোক্র্যাটদের পাশে দাঁড়িয়েছেন ট্রাম্পের দলেরই চার সদস্য। আর এই প্রস্তাব নিম্নকক্ষে পাশ হতেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, তা হলে কি ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিজের দলের অন্দরেই ক্ষোভ তৈরি হচ্ছে ?
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক অভিযানে নামে আমেরিকা এবং ইজরায়েল। মাঝে যুদ্ধবিরতি হলেও আবার পশ্চিম এশিয়ায় অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চালানো হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে দু’দেশের মধ্যে চুক্তি বা বোঝাপড়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী থেকে অবরোধ উঠে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
