
নির্বাচনের মাত্র ৪ মাস আগে আমেরিকার প্রেসিডেন্টের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জো বাইডেন।দেশবাসীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এই কথা জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনি।
নভেম্বরের নির্বাচনে তাঁরই লড়ার কথা ছিল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। জো বাইডেন সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত বলে ইঙ্গিত দিয়েছেন। তবে দলের তরফ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি। কমলা হ্যারিস ছাড়াও দৌড়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও।এক্স হ্যান্ডলে জো বাইডেন লিখেছেন, দেশের স্বার্থে এবং দলের স্বার্থে তাঁর সরে দাঁড়ানো প্রয়োজন।তাঁর মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চান তিনি।এর পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাঁর সঙ্গে কাজ করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন জো বাইডেন। আগামী সপ্তাহে দেশবাসীকে বিস্তারিত ভাবে তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে জানাবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।৮১ বছর বয়সি জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিলই। তা সত্ত্বেও এবারে তাঁকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়েছিল। তবে কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়ার পরেই তাঁকে প্রার্থিপদ থেকে সরানোর দাবি জোরালো হয়। ওই বিতর্কসভায় জো বাইডেনের আচরণ অসংলগ্ন ছিল বলে দাবি।ডোনাল্ড ট্রাম্পের একাধিক বক্তব্যের বিরুদ্ধে সঠিক যুক্তিও সাজাতে পারেননি তিনি।
