
মানুষের বদলে ভিসার আবেদন করেছিল স্বয়ংচালিত রোবট বা সংক্ষেপে বট, এমনই অদ্ভুত অভিযোগে প্রায় দু’হাজার ভারতীয়ের ভিসার আবেদন বাতিল করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের দাবি, ওই অ্যাকাউন্টগুলি সময়সূচি নীতি লঙ্ঘন করেছে।
এর পরেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, ভারতে ভিসা সংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে। এই ধরনের আবেদনগুলির নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাসের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, জালিয়াতি রেয়াত করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য,আমেরিকায় ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি ওয়ান ভিসা প্রয়োজন হয়। ঘুরতে যাওয়ার জন্য লাগে বি টু ভিসা। পরিবারের সদস্য কিংবা কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি টু ভিসারই দরকার হয়। অথচ সম্প্রতি দুই ভিসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেই কড়াকড়ি বেড়েছে। আমেরিকার ভিসা নবীকরণ করাতে গেলে এখন থেকে ভারতীয়দের আরও বেশি সময় অপেক্ষা করতে হবে বলে গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি, আরও জটিল হয়েছে ভিসা নবীকরণের জন্য আমেরিকার দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া। অন্যদিকে গত দু’মাসে তিন দফায় কয়েকশো ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মার্কিন দূতাবাস।









