
আমেরিকা-ইরান মউ স্বাক্ষরের পর থেকে হরমুজ প্রণালী পেরিয়েছে ভারতমুখী অন্তত ১১টি জাহাজ। এছাড়া আরও ২৬টি জাহাজ হরমুজ পেরোনোর জন্য পারস্য উপসাগরে অপেক্ষা করছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ১ মার্চ থেকে এখনও পর্যন্ত ৩০ টি জাহাজ হরমুজ পেরিয়ে ভারতের দিকে এসেছে। এর মধ্যে যেমন ভারতীয় জাহাজ রয়েছে, তেমন অন্য দেশের পতাকাবাহী জাহাজও আছে।
২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই থেকে সংঘর্ষের সূত্রপাত। তার পরে ১১ মার্চ থেকে হরমুজে অবরোধ শুরু করে ইরান। হুঁশিয়ারি দেয়, কোনও জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলেই তাতে হামলা হবে। তার জেরে হরমুজের উভয় প্রান্তে বহু জাহাজ আটকে পড়ে। প্রভাব পড়ে আন্তর্জাতিক বাণিজ্যেও। যদিও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে নির্দিষ্ট কিছু দেশের বাণিজ্যিক জাহাজকে হরমুজ পার করতে দেয় ইরান। সেই তালিকায় ছিল ভারতও।
