মঙ্গলবার দোহায় আমেরিকা-ইরান বৈঠক

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

প্রথম দফার শান্তি আলোচনা বসেছিল সুইৎজ়ারল্যান্ডের বারগেনস্টকে। মাঝে কয়েক দিন কাটার পর দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি শুরু হয়ে গেল। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তিবৈঠক হবে কাতারের দোহায়।

মঙ্গলবার সেই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তবে ওই বৈঠকে মার্কিন প্রতিনিধি হিসাবে কারা থাকবেন, তা পরিষ্কার করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও বৈঠকের সম্ভাবনা আগে উড়িয়ে দিয়েছিল ইরান। নিজের ট্রুথ সোশ্যালে দ্বিতীয় দফার বৈঠকের কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন, একটা বৈঠকের জন্য অনুরোধ করেছিল ইরান। সেই বৈঠক মঙ্গলবার, ৩০ জুন দোহায় অনুষ্ঠিত হবে। তবে আদৌ সেই বৈঠক হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার আগে ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছিলেন, এই সপ্তাহে কাতারে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। পরে সেই যুদ্ধে যোগ দেয় ইজ়রায়েলও। পাল্টা হামলার পথে হাঁটে ইরান। পশ্চিম এশিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরানের সেনাবাহিনী। অশান্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া।একই সঙ্গে হরমুজ় প্রণালীও অবরুব্ধ হয়ে যায়।মাসখানেকের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর আমেরিকা এবং ইরান, দু’পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়। কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনায় বসে দুই দেশ।