সুইৎজ়ারল্যান্ডে আমেরিকা-ইরানের বৈঠক পিছিয়ে গেল

0
36
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

সুইৎজ়ারল্যান্ডে শুক্রবার আলোচনায় বসছে না আমেরিকা এবং ইরান। হঠাৎ সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সুইৎজ়ারল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল কিন্তু সফর তিনি বাতিল করে দিয়েছেন। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে। তা ছাড়া, পৃথক বিবৃতি দিয়েছেন সুইস কর্তৃপক্ষও। কবে ওই বৈঠক ফের হবে, তা অনিশ্চিত। নতুন কোনও তারিখও ঘোষণা করা হয়নি।এর আগে রবিবার মধ্যরাতে আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। দু’ দেশই সেই খবর নিশ্চিত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সুইৎজ়ারল্যান্ডে আনুষ্ঠানিক ভাবে প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। তার আগে সমঝোতার স্মারকলিপিতে,মউ স্বাক্ষর সম্পন্ন হয়। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এরপর জানান, তিনি মউ স্বাক্ষরকে অনুমোদন দিয়েছেন। তা ছাড়া, হরমুজ় প্রণালীতে ইরানের পণ্যের উপর থেকে অবরোধও তুলে নিয়েছিল আমেরিকা। তার পরেও শুক্রবারের আলোচনা কেন পিছিয়ে দেওয়া হয়েছে, স্পষ্ট নয়। সুইৎজ়ারল্যান্ডের বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা এবং ইরানের বৈঠক আয়োজন করতে তারা সদা প্রস্তুত। যে রিসর্টে আলোচনার আয়োজন করা হয়েছিল, সেখানেও প্রস্তুতি চলছে। তবে আলোচনাটি পিছিয়ে গিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, এই সমঝোতার প্রক্রিয়া কখনওই সহজ ছিল না।

প্রথম থেকেই এতে অনিশ্চয়তা ছিল। তবে,ঠিক কী কারণে বৈঠক শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়েছে, জানায়নি কোনও পক্ষ।