
সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর পরপরই মার্কিন অর্থ মন্ত্রণালয়,ট্রেজারি ডিপার্টমেন্ট সিরিয়ার জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যা তাৎক্ষণিক নিষেধাজ্ঞা শিথিলের অনুমতি দেয়।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, সিরিয়াকে এখন শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হয়ে উঠার জন্য কাজ চালিয়ে যেতে হবে।
আজকের পদক্ষেপ সিরিয়াকে একটি উজ্জ্বল, সমৃদ্ধ এবং স্থিতিশীল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমেরিকা আশাবাদী। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে‘দেশের মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ লাঘবের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে।এর আগে এ মাসের শুরুতে সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করে ছিলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে তিনি সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেবেন।
এর একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন।২০০০ সালের পর এই প্রথম কোনো মার্কিন ও সিরিয়ান শীর্ষ নেতার মধ্যে বৈঠক হলো। প্রেসিডেন্ট ট্রাম্প আল-শারাকে একজন তরুণ, আকর্ষণীয় নেতা এবং মজবুত অতীতের অধিকারী হিসেবে বর্ণনা করেন।








