
জেসিকা পেগুলা। ছ’-ছয়বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে শেষ হয়েছে তার পথচলা। অবশেষে ৩০ বছর বয়সে এসে সেমি-ফাইনালের মুখ দেখতে পেলেন আমেরিকার প্লেয়ার।পেগুলার সেই পথচলায় চাপা পরে গেল ইগা শিয়নতেকের আশা।
মেয়েদের শীর্ষ বাছাই বাদ পড়ে গেলেন কোয়ার্টার-ফাইনালে।পাঁচটি গ্র্যান্ড স্ল্যামজয়ী পোল্যান্ডের তারকার একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে তাকে ৬-২, ৬-৪ গেমে বিধ্বস্ত করে সেমি-ফাইনালে উঠে গেলেন পেগুলা।দিনের আরেকটি উল্লেখযোগ্য লড়াই ছিল ছেলেদের বিভাগের কোয়ার্টার-ফাইনালে। সেখানে প্রাক্তন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারান ছেলেদের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ট্রফি জয়ী ২৩ বছর বয়সী ইতালিয়ান তারকা ইউএস ওপেনের সেমি-ফাইনালে পা রাখলেন প্রথমবার।২০২১ সালের পুরুষ চ্যাম্পিয়ন মেদভেদেভ ও ২০২২ সালের মহিলা চ্যাম্পিয়ন শিয়নতেকের বিদায়ে নিশ্চিত হয়ে গেল, দু’ বিভাগেই এবার নতুন চ্যাম্পিয়ন দেখবে ইউএস ওপেন।নক্ষত্র পতনের এবারের আসরে ছেলেদের বিভাগে কার্লোস আলকারাস, নোভাক জোকোভিচের মতো তারকারা বিদায় নিয়েছেন আগেই।সেমি-ফাইনালে সিনারের প্রতিপক্ষ এবারের টুর্নামেন্টে চমক দেখানো ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্র্যাপার। দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ থেকে আর দুটি জয়ের দূরত্বে আছেন সিনার। মেদভেদেভের বিপক্ষে তার জয় অনেকটা প্রত্যাশিতই ছিল। কিন্তু চমকে দিয়েছেন মহিলাদের বিভাগে পেগুলা। উল্লেখ্য আমেরিকার,শীর্ষ ধনী পরিবারগুলোর একটিতে বেড়ে উঠেছেন পেগুলা। তার বাবা ধনকুবের টেরি পেগুলা। মা কিম পেগুলা কোরিয়া থেকে এসে থিতু হয়েছেন আমেরিকাতে, তিনিও ব্যবসায়ী হিসেবে পরিচিত। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের দল বাফেলো বিলস ও ন্যাশনাল হকি লিগের দল বাফেলো সেবার্সের স্বত্বাধিকারী এই পরিবার। ক্রীড়া ছাড়াও বিনোদন, রিয়েল এস্টেট, প্রাকৃতিক গ্যাস ডেভেলপমেন্টসহ অনেক ব্যবসা তাদের। পারিবারিক সম্পদ ৭০০ কোটি ডলারের বেশি।সেই পরিবারের সন্তান জেসিকা এক যুগের বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন টেনিস বিশ্বে বড় কিছু অর্জন করতে। গ্র্যান্ড স্ল্যামে অংশ নিচ্ছেন তিনি ৯ বছর ধরে। র্যাঙ্কিংয়ে তিন নম্বর পর্যন্ত উঠতে পেরেছেন সিঙ্গলসে তবে ডাবলসে ছিলেন এক নম্বরও।









