
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইয়ানিক সিনারের। প্রথমটিও জিতেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পর এই বছর ইউএস ওপেনও জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার। হারিয়ে দিয়েছেন আমেরিকার টেলর ফ্রিৎজকে। ডোপ বিতর্ক পার করে সিনার ইউএস ওপেনের ফাইনালে জিতেছেন ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে।
একই সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছেন সিনার। প্রথম ইটালীয় হিসাবে ইউএস ওপেন জিতেছেন তিনি। ২৩ বছরের সিনার ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর। কিন্তু তাঁর গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা মাত্র দুই। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। বছরের শুরু এবং শেষটা ভাল হল তাঁর। হার্ড কোর্টের দু’টি গ্র্যান্ড স্ল্যামই জিতে নিয়েছেন তিনি। এবারের ইউএস ওপেন ছিল অঘটনের। কার্লোস আলকারাজ এবং নোভাক জোকোভিচ কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেন। এমন ঘটনা খুব একটা দেখা যায় না। এমন অঘটনের মাঝে সিনার প্রমাণ করেছেন তিনি কেন এক নম্বর। জিতে নিয়েছেন ইউএস ওপেন।









