
আপাতত চিনের সঙ্গে শুল্কযুদ্ধে ইতি টানার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চিনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ অনেকটাই কমাতে পারে আমেরিকা।
কিন্তু সেই সঙ্গেই হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, শুল্ক কখনওই শূন্য হবে না। প্রেসিডেন্টের ওই বার্তার পরেই চাঙ্গা হয়ে উঠেছে আমেরিকার শেয়ার বাজার। ধাপে ধাপে চিনা পণ্যের ওপর শুল্কের বোঝা বাড়িয়ে গিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকায় আমদানি হওয়া চিনা পণ্যে শুল্কের পরিমাণ বাড়তে বাড়তে এখন ২৪৫ শতাংশে ঠেকেছে।
বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক চাপিয়েও ৯০ দিনের জন্য তা স্থগিত রেখেছেন ট্রাম্প। কিন্তু ৯০ দিনের ওই ছাড় পায়নি শুধু চিন।







