
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতেই ইউক্রেনকে পুনরায় সামরিক সাহায্য পাঠানো শুরু করেছে আমেরিকা। সৌদি আরবের জেড্ডায় আমেরিকা-ইউক্রেন বৈঠকে মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিভ।
সৌদির ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে প্রস্তাব দেয় আমেরিকা। ওই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এই অবস্থায় আমেরিকাও ইউক্রেনকে ফের সামরিক এবং অন্য প্রয়োজনীয় সাহায্য পাঠানো চালু করতে উদ্যোগী হয়েছে। আমেরিকার সামরিক এবং অন্য সাহায্য পোল্যান্ড হয়ে ইউক্রেনে যায়। আমেরিকার পাঠানো সামগ্রী প্রথমে পোল্যান্ডের জেজো ইয়াসিওঙ্কা শহরে একটি গুদামে আসে। তার পরে সেগুলি ইউক্রেনে পাঠানো হয়।
পোল্যান্ডের বিদেশমন্ত্রী র্যাডোস্ল সিকরস্কি জানান, সাময়িক বিরতির পরে পুনরায় ইউক্রেনের জন্য আমেরিকার সাহায্য আগের মতোই আসতে শুরু করেছে। সৌদি আরবের জেড্ডায় আমেরিকার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক সেরে ফেরার পথে বর্তমানে পোল্যান্ডে রয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আদ্রেই সিবিহা।
