কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

0
16
ছবি সৌজন্যে : এক্স

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। একইসঙ্গে তার এবং প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পরিবারের কয়েকজন সদস্যের ওপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর পাশাপাশি কিউবার সামরিক বাহিনী, সরকারি প্রতিষ্ঠান ও একাধিক সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এ পদক্ষেপের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুর পর কিউবার বিষয়েও ব্যবস্থা নেবে আমেরিকা। বলা হয়েছে, বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকার অর্থ মন্ত্রণালয়। মার্কিন ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস, ওএফএসি মিগেল দিয়াজ-কানেল, তার স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা এবং তার স্ত্রীর ছেলে ম্যানুয়েল আনিদো কুয়েস্তাকে বিশেষভাবে চিহ্নিত ব্যক্তি তথা স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস তালিকায় যুক্ত করেছে। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কিউবার প্রাক্তন নেতা রাউল কাস্ত্রোর ছেলে আলেহান্দ্রো কাস্ত্রো এসপিন এবং তার ছেলে রাউল আলেহান্দ্রো কাস্ত্রো কালিসকেও।

এছাড়া কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়, মিনফার, কিউবার সামরিক বাহিনী এবং কমিটি ফর দ্য ডিফেন্স অব দ্য রেভল্যুশন, সিডিআর-এর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানসংক্রান্ত কার্যক্রম শেষ করার পর কিউবার বিষয়টি নিয়েও ব্যবস্থা নেবে ওয়াশিংটন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছেন, কিউবা একরকম ভেঙে পড়েছে। আমরা কাজ শেষ করেই বিষয়টি দেখব। আমরা আগে ইরানের বিষয়টি সামলাব। তারপর ফেরার পথে সংক্ষিপ্তভাবে সেখানে থামব।