
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় জমানা শুরু হতেই চুরি-ছিনতাইয়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরপাকড় করতে নতুন আইন আনার পথে এগোচ্ছে আমেরিকা। ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার সেনেটে এ সংক্রান্ত বিল পাশ হয়েছে।
এই বিলটি আইনে পরিণত হলে অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে আমেরিকার অভিবাসন সংক্রান্ত সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্স এনফোর্সমেন্ট। গত বছরে জর্জিয়ার বছর বাইশের এক নার্সিং পড়ুয়া লেকেন রাইলিকে হত্যার অভিযোগ উঠেছিল ভেনেজ়ুয়েলার এক নাগরিকের বিরুদ্ধে। ওই নার্সিং পড়ুয়ার নামেই আইন চালু করতে চাইছে আমেরিকার প্রশাসন। সেনেটে ৬৪-৩৫ ভোটে পাশ হয়েছে বিলটি। এ বার বিলটি যাবে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেসেন্টেটিভ্সে। সেখানেও বিলটি সহজেই পাশ হয়ে যাওয়ার কথা।
দুই কক্ষে বিলটি পাশ হওয়ার পর ট্রাম্পের সই মিললেই তা আইনে পরিণত হয়ে যাবে। এই বিল অনুসারে, চুরি, ছিনতাই, লুটপাট বা দোকান থেকে জিনিসপত্র হাতানোর মতো ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্স এনফোর্সমেন্ট।
