
মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক ঘোষণা করার পরেই ধস নেমেছে আমেরিকার শেয়ার বাজারে। পরিসংখ্যান বলছে, কোভিড অতিমারির পর এতবড় ধস দেখা যায়নি মার্কিন অর্থনীতিতে। ট্রাম্প নিজে অবশ্য আশাবাদী। তার দাবি, অর্থনীতি আবার মাথা তুলে দাঁড়াবে। আমেরিকায় রফতানি হওয়া গাড়ির ওপর শুল্ক আরোপ হওয়ায় বিভিন্ন বহুজাতিক সংস্থা অন্যান্য দেশে গাড়ি উৎপাদন বন্ধ রেখেছে। ডলারের মূল্যমান হ্রাস পাওয়াও চিন্তায় রাখছে মার্কিন নাগরিকদের।
ট্রাম্পের তালিকা বলছে, ভারতের ওপর ২৬ শতাংশ, চিনের ওপর ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫, জাপানের পণ্যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। চলতি মাস থেকেই এই বর্ধিত শুল্ক প্রয়োগ করা হবে মার্কিন বাণিজ্যনীতিতে। ট্রাম্পের নতুন নীতিতে প্রায় প্রতিটি দেশের ওপরেই ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে।
যদিও নিষেধাজ্ঞার কারণে রাশিয়া, বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়া-কে পাল্টা শুল্ক নীতি থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্প উবাচ, বিশ্ব অর্থনীতির এই টালমাটাল সময়ে, এটা হওয়ারই ছিল। একই সঙ্গহে মার্কিন অর্থনীতির বেহাল দশা বোঝাতে রূপকের আড়ালে তিনি বলেন, রোগা খবই অসুস্থ ছিল। একটি অস্ত্রোপচার হয়েছে। অর্থনীতি মজবুত হতে চলেছে। দারুণ কিছু হবে।








