
আগেই ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণাতেই ডোনাল্ড ট্রাম্প ভারত ও রাশিয়ার বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
বলেছিলেন, ভারত রাশিয়া থেকে খনিজ তেল এবং অস্ত্র কেনা চালিয়ে গেলে আগামী দিনে ভারতকে জরিমানা দিতে হবে। আমেরিকার সেই হুঁশিয়ারির পরেই এ বার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছিল, জাতীয় স্বার্থ রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ করবে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও। এরপরই জরিমানার অঙ্ক ডবল করে ডোনাল্ড ট্রাম্প শুল্কের কথাও ঘোষণা করেছে। আগে ঘোষিত ২৫ শতাংশ ৭ অগাস্ট থেকে কার্যকর হওয়ার কথা। বুধবার যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হল, তা আরও ২১ দিন পর কার্যকর হবে বলে সংবাদ সংস্থা জানিয়েছে।
২৭ তারিখ থেকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে ভারতকে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই এই পদক্ষেপ, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।








