
ঠিক আড়াই মাসের মাথাতেই আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক। ১৫ ফেব্রুয়ারি ওই দুই পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর ঘোষণা করেছিলেন তিনি। এ বার তা এক ধাক্কায় বাড়িয়ে তা ৫০ শতাংশ করার বার্তা দিয়েছেন।
আগামী বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার পেনসিলভেনিয়ার পিটসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, এই সিদ্ধান্ত মার্কিন ইস্পাত শিল্পকে পুনরুজ্জীবিত করবে। চিনের উপর নির্ভরতা কমাবে এবং জাতীয় নিরাপত্তাকে মজবুত করবে। ইউএস স্টিল এবং জাপানের সংস্থা নিপ্পন স্টিলের যৌথ উদ্যোগে ওই এলাকায় ইস্পাত উৎপাদনে ১ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে বলেও জানান তিনি। ট্রাম্প নিজে চিনকে নিশানা করলেও তাঁর এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব ভারতেও পড়বে যথেষ্টই। ভারত থেকে বছরে প্রায় ৩০০ কোটি ডলারের ইস্পাত আমদানি করে আমেরিকা। অ্যালুমিনিয়াম রফতানির পরিমাণ তার চেয়ে কিছুটা কম।
গত ফেব্রুয়ারিতে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ঘোষণার পরে এপ্রিলে এই বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চেয়েছিল ভারত। কিন্তু জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসতে চায়নি ওয়াশিংটন।
