
প্রয়াত কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে আমেরিকাতেই সমাহিত করা হয়েছে। সান ফ্রান্সিসকোর ফার্নউড কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই দাফন করা হয় জাকির হোসেনকে।
শেষবিদায়েও তাঁর সঙ্গে ছিল সংগীত। শেষযাত্রায় ড্রাম বাজান তাঁর দীর্ঘদিনের বন্ধু, বাদ্যকর শিবমণি।নিজের গুরু তথা বড় ভাই জাকির হোসেনের শেষযাত্রায় চোখে জল শিবমণির।এমন একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, ‘জাকির হোসেন চলে গিয়েছেন কিন্তু তাঁর আশীর্বাদ বিশ্বের সব বাদ্যকরের সঙ্গে রয়েছে।জাকির হোসেনের উত্তরাধিকারকে তা ধরে রাখতে হবে।এর আগে আমেরিকাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন। ফুসফুসের রোগ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন তিনি। ভারতীয় ধ্রুপদি সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। কিংবদন্তি তবলাবাদক আল্লারাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে মুম্বাই শহরে।তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তাঁর হাতেখড়ি।
১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট।সেই থেকে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। তিনি তাঁর বাদ্যশৈলীর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সংগীতজগৎকে খুব কাছাকাছি আনতে পেরেছেন।









