উত্তরাখণ্ডে ভোটার তালিকায় উধাও প্রাক্তন মুখ্যমন্ত্রী

0
107
ছবি সৌজন্যে : এক্স
উত্তরাখণ্ডে ভোটার তালিকা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের নাম উধাওয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে শাসক বিজেপির বিরুদ্ধে। 
বৃহস্পতিবার দেরাদুন পুরসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে হরিশ রাওয়াত জানতে পারেন, তাঁর নামই নেই ভোটার তালিকায়। এই কারণে পুর নির্বাচনে ভোটও দিতে পারেননি তিনি। হরিশ রাওয়াত দেরাদুন শহরের পুরনো বাসিন্দা। বিগত সময়ে ২০২২ সালে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে এবং গত এপ্রিল-জুন মাসে লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছিলেন দেরাদুনের নিরঞ্জনপুর কেন্দ্রে। যদিও এদিন ভোট দিতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানানো হয়, ভোটার তালিকায় তাঁর নাম নেই। এই বিষয়ে হরিশ রাওয়াত বলেছেন, তিনি সকালে থেকে অপেক্ষা করছেন। তাঁর নাম পাওয়া যায়নি। অথচ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা বলেছেন, তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল। তারাই তালিকা থেকে নাম ঢোকানো ও মুছে ফেলার সঙ্গে জড়িত।
ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছেন হরিশ রাওয়াত। উত্তরে তাঁকে বলা হয়েছে, কমিশনের কম্পিউটার সার্ভারটি খারাপ ছিল। এই কারণে আপাতত তিনি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না।