
বাণী কাপুর,তারকা সন্তান না হলে বলিউডে নিজের জায়গা তৈরি করা যে বেশ কষ্টসাধ্য এই বিষয়ে দ্বিমত নেই। বিভিন্ন রকমের সমস্যার প্রসঙ্গ উঠে আসে বিভিন্ন সময়।
এবার ইন্ডাস্ট্রির অন্দরের এই বিষয় নিয়েই মুখর হয়েছেন অভিনেত্রী বাণী কাপুর। জানিয়েছেন,গায়ের রঙ কালো হওয়ার কারণে তাঁকে ঠিক কতটা হেনস্তা হতে হয়েছিল। কাজ পেতেও সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে। অভিনেত্রী বাণী কাপুর বলেছেন, তিনি দুধসাদা ফর্সা ছিলেন না একেবারেই। আর সেই কারণে বলিউডে নিজের জায়গা তৈরি করতে তাঁকে বেশ বেগ পেত হয়েছিল। তাঁকে এই কারণে সময়ে অসময়ে বর্ণবিদ্বেষের শিকারও হতে হয়েছিল। এই বিষয়টা খুবই কষ্ট দিত। তবে এই কথা তাঁর কানে সরাসরি আসেনি। বরং ইন্ডাস্ট্রির অন্যান্যদের মারফত কানে এসেছিল। বাণী আরও জানিয়েছেন,এই জন্য কখনই আত্মবিশ্বাস ও নিজের উপর ভরসা হারাননি। নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখে তিনি তাঁর লক্ষ্যে অবিচল ছিলেন। বাণী এও জানিয়েছেন,শুধু গায়ের রঙের জন্যই নয় তাঁর চেহারা নিয়েও নানা কটূক্তি তাঁকে সহ্য করতে হয়েছে। প্রচন্ড রোগা ছিলেন সেই কারণেও তাঁর কাজ পেতে ও বিভিন্ন চরিত্র পেতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এবারেও তিনি কোনওরকম সিদ্ধান্ত বদল করেন নি। নিজের চেহারা আমূল বদলে ফেলার কোনও পরিকল্পনাও তিনি করেন নি। কারণ বাণী কাপুরর কাছে তিনিই সেরা। তিনিই সুন্দর।
তিনি যা তাই থাকতে চেয়েছেন।উল্লেখ্য, বাণী কাপুরের আগামী থ্রিলার ঘরানার ছবি মান্ডালা মার্ডার্স মুক্তি পাবে সামনেই। এই মুহূর্তে সেই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী বাণী কাপুর ।
