
পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকার একাধিক মেট্রো রুটের প্রকল্প। লোকসভায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
জগন্নাথ সরকার প্রশ্ন করেছিলেন দেশের মধ্যে প্রথম মেট্রো কলকাতায় চালু হওয়ার এত বছর পর পুরোনো ব্লু লাইন-র শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার কি কি উন্নতি হয়েছে ? পাশাপাশি একাধিক মেট্রো প্রকল্প, যেগুলো সম্পন্ন করার কথা সেগুলোর কি অবস্থা! এর উত্তরেই লিখিতভাবে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতের প্রাচীনতম মেট্রো ব্যবস্থা, কলকাতা মেট্রো ১৯৮৪ সালে তার প্রথম ভূগর্ভস্থ অংশটি চালু করে। চার দশকেরও বেশি সময় ধরে পরিষেবা দেওয়ার পর, এর পরিবেশগত নিয়ন্ত্রণ এবং বায়ুচলাচল অবকাঠামো, যার মধ্যে রয়েছে এয়ার-কন্ডিশনিং, টানেল এয়ারফ্লো সিস্টেম এবং ধোঁয়া নিষ্কাশন ব্যবস্থা, সমসাময়িক আরাম, সুরক্ষা এবং পরিবেশগত মান পূরণের জন্য উল্লেখযোগ্যভাবে আধুনিকীকরণ করা হচ্ছে।
তাঁর আরও মন্তব্য, বর্তমানে, কলকাতা এবং এর আশেপাশে মোট ৫২ কিমি মেট্রো করিডোরের ৪টি নির্মাণাধীন রয়েছে যার মধ্যে ২০ কিমি জমি অধিগ্রহণ এবং রাজ্য সরকারের ইউটিলিটি স্থানান্তর সংক্রান্ত সমস্যার কারণে আটকে আছে।








