গরমের ছুটির পরে স্কুল খুলতেই প্রার্থনায় ‘বন্দে মাতরম’

0
17
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্য সরকারের নির্দেশ ছিল। সেই মতো গরমের ছুটির পরে সোমবার সরকারি এবং সরকার পোষিত স্কুল খুলতেই বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে প্রার্থনার সময়ে পড়ুয়ারা গাইল বন্দে মাতরম।
কোথাও গলা মেলালেন শিক্ষকেরা। কোথাও পৌঁছে গেলেন বিধায়ক। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আগে থেকেই সপ্তাহে এক বার গাওয়া হত এই গান। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে সোমবার থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররাও প্রার্থনা হলে বন্দে মাতরম গেয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার স্কুলগুলিতে আগেই পৌঁছে গিয়েছিল সরকারি নির্দেশিকা। সোমবার স্কুলে প্রার্থনার সময় মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগ স্কুলে পৌঁছে যান মেদিনীপুরের বিধায়ক শঙ্করকুমার গুছাইত। পড়ুয়াদের সঙ্গে তিনিও গলা মেলান। বোলপুর উচ্চ বিদ্যালয়-সহ শহরের সব সরকারি স্কুলে একই ছবি। সোমবার সকালে গাওয়া হয়েছে বন্দে মাতরম। পাশাপাশি আগের মতো গাওয়া হয়েছে জাতীয় সঙ্গীত জন গণ মন। চুঁচুড়ার হুগলি ব্রাঞ্চ স্কুলে শিক্ষক-পড়ুয়া, সকলেই গান বন্দে মাতরম।
উত্তর ২৪ পরগনার হাবরার কামিনী কুমার গার্লস হাইস্কুলে গিয়ে দেখা গেল কয়েকজন পড়ুয়া খালি গলায় গাইছে বন্দেমাতরম গান, আর বাকিরা প্রার্থনার লাইনে তাতে সুর মেলাচ্ছে বাকিরা। পাশাপাশি মুর্শিদাবাদের এক মাদ্রাসায়ও গাওয়া হয়েছে বন্দে মাতরম।