
উত্তর থেকে দক্ষিণ, কলকাতা যেন নদী। অফিস পৌঁছতে কারও ভরসা তিনচাকার ভ্যান, কেউ চড়েছেন ছোটা হাতিতে। হাতে গোনা বাস যাও রয়েছে, তাতে জীবনের ঝুঁকি নিয়েই উঠেছেন কেউ কেউ। মঙ্গলবার সকালে কার্যত একই ছবি বিধাননগর, শিয়ালদহ, হাওড়া কিংবা ধর্মতলায়।
বিধাননগর স্টেশনে নেমে এক হাঁটু জমা জলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মেলেনি বাস বা অন্য যানবাহন। রাস্তা কার্যত নদীতে পরিণত হয়েছে। সুযোগ বুঝে তিনচাকার ভ্যানে করে রাস্তা পাড় করে দিতে ১০০, ২০০ টাকা দাম হাঁকাচ্ছেন ভ্যান চালকরা। বাড়তি টাকা দিয়ে ছোটা হাতি, মিনিডোর, ম্যাটাডোরে উঠে অফিসে গিয়েছেন অনেকে। যে কটা বাস রাস্তায় নেমেছে তাতে তিল ধারণের জায়গা নেই।
যারা ভেবেছেন জলযন্ত্রণা এড়াতে মেট্রো ধরবেন, তাদের সেই আশাও জলে গিয়েছে। দুযোর্গের কারণে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। বাঘাযতীনে আবার নৌকায় চলেছে পারাপার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ কার্যত চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষকে।
