
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে জটিলতা কাটছেই না। গত সপ্তাহেই শোনা গিয়েছিল, চলতি মাসের শেষের দিকে মুক্তি পেতে পারে,জন নায়াগন।
তবে সার্টিফিকেশন বোর্ডের নতুন নির্দেশ আবারও অনিশ্চয়তা তৈরি করেছে।সোশ্যাল মিডিয়ায় একটি সেন্সর বোর্ডের সার্টিফিকেট দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, বহু প্রতীক্ষিত ছবিটি ছাড়পত্র পেয়ে গেছে। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন জানায়, ভাইরাল হওয়া সার্টিফিকেটটি সম্পূর্ণ ভুয়ো।প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা শেষ করলেও এখনো চূড়ান্ত ছাড়পত্র দেয়নি।প্রযোজকদের তথ্য অনুযায়ী, সার্টিফিকেশন বোর্ড ছবিটি দেখে নির্মাতাদের কাছে আরও কিছু পরিবর্তনের তালিকা পাঠিয়েছে।সেই সংশোধনগুলো সম্পন্ন করে পুনরায় জমা দেওয়ার পরই চূড়ান্ত সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে।অর্থাৎ ছবিটি এখন মুক্তির একেবারে শেষ ধাপে রয়েছে। কিন্তু এখনো সার্টিফিকেশন সনদ না পাওয়ায় জন নায়াগন নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।কেভিএন প্রোডাকশনের বিজনেস প্রধান সুপ্রিথ মোহন জানিয়েছেন, নির্মাতাদের লক্ষ্য জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়া।তামিলনাড়ুর বিভিন্ন সিনেমা হলও আগাম বুকিং চালুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফলে সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।উল্লেখ্য পরিচালক এইচ বিনোধের রাজনৈতিক ড্রামা সিনেমা জন নায়গন প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির কথা ছিল। তামিল সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছিল এটি। কারণ, এতে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। পাশাপাশি ছবিটির রাজনৈতিক প্রেক্ষাপটও দর্শকের আগ্রহ বাড়িয়েছিল।এদিকে,২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠনের পর বিজয় রাজনীতিতে সক্রিয় হন।
পরে নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। ফলে তাঁর রাজনৈতিক জীবন শুরুর পর এটিই হতে যাচ্ছে অভিনেতা হিসেবে শেষ চলচ্চিত্র।
