
বর্ডার টু ছবিতে জওয়ানের উর্দিতে বরুণ ধাওয়ানের লুক ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। ট্রেলার ও টিজার প্রকাশের পর প্রথম দিকে যে অভিনেতাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় উঠেছিল, সেই সমালোচকরাই এখন তাঁর পারফরম্যান্সে মুগ্ধ।
তবে প্রশংসার আবহের মাঝেই ফের এক নতুন বিতর্কে জড়ালেন বলিউড তারকা।সম্প্রতি মুম্বাইয়ের যানজট এড়াতে মেট্রোয় সফর করেন বরুণ ধাওয়ান।যাতায়াতের পাশাপাশি বর্ডার টু-এর প্রচারও সেরে ফেলেন তিনি,যা বলিউডে নতুন কোনও কৌশল নয়। সিনেমা মুক্তির আগে তারকাদের মেট্রো রাইডে প্রচার করতে দেখা গিয়েছে বহুবার। কিন্তু বরুণের এই মেট্রো সফর শেষ পর্যন্ত প্রশংসার বদলে ডেকে এনেছে সমালোচনা।ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোর ভিতরে যাত্রীদের জন্য নির্ধারিত হাতল ধরে দোল খাচ্ছেন বরুণ ধাওয়ান।সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন,জনপরিবহনে এ ধরনের স্টান্ট কতটা দায়িত্বশীল আচরণ?ভিডিওর শুরুতে অবশ্য অভিনেতাকে একেবারে সাধারণ যাত্রীর মতোই দেখা যায়। সহযাত্রীদের সঙ্গে কথোপকথন, বর্ডার টু কোন হলে দেখবেন—এমন প্রশ্নও করতে শোনা যায় তাঁকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাতল ধরে স্টান্ট করার দৃশ্যই বিপাকে ফেলে অভিনেতাকে।এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মুম্বাই মেট্রো অপারেটর এমএমএমওসিএল তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে বরুণ ধাওয়ানের ভিডিও শেয়ার করে প্রকাশ্যে সমালোচনা করেছে।
পোস্টে লেখা হয়েছে, অ্যাকশন সিনেমার মতো এই ভিডিওর ক্যাপশনেও সতর্কবাণী থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোয় এ ধরনের স্টান্ট করার চেষ্টা করবেন না বরুণ ধাওয়ান। বন্ধুদের সঙ্গে মেট্রো সফর উপভোগ করা যায়,আমরা বুঝি।









