
কেরলের ওয়েনাড়ে ভূমিধসের পাঁচ মাস অতিক্রম করলেও কেন্দ্রের পুনর্বাসনের টাকা পাওয়া যায়নি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ক্ষোভ উগরে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওয়েনাড়ের ভূমিধসে বেঁচে যাওয়া মানুষের পুনর্বাসনের জন্য এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কোনও রকম আর্থিক সহায়তা আসেনি। তাই আপাতত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা থাকা ৭১২.৯৮ কোটি টাকাই দুর্গতদের পুনর্বাসনে ব্যবহার করা হচ্ছে। পিনারাই বিজয়নের কথায়, প্রাথমিক ভাবে কেন্দ্রের কাছ থেকে ধস কবলিত এলাকায় পুনর্বাসনের জন্য ২ হাজার ২২১ কোটি টাকা চেয়েছিল রাজ্য। যদিও পোস্ট ডিজাস্টার নিড্স অ্যাসেসমেন্ট-র রিপোর্ট অনুযায়ী, এ কাজে আরও টাকার প্রয়োজন। কিন্তু সেই টাকাটুকুও দেয়নি কেন্দ্র। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস, শীঘ্রই পুনর্বাসনের প্রক্রিয়া শেষ হবে।
এ জন্য আগামী ৬১ দিনের মধ্যেই জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়নের মন্ত্রিসভা। যারা যারা প্রস্তাবিত টাউনশিপে থাকতে চাইবেন না, তাদের প্রত্যেককে ১৫ লাখ টাকা দেওয়া হবে। আর গোটা টাকাটাই দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।






