
বিশ্বজুড়ে টিকটকের মতো উলম্ব ভিডিও ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। নতুন এই ফিচারটি আমেরিকার বাইরে ভারত, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে দেখা গেছে।
এর আগে শুধু আমেরিকায় ফিচারটি পরীক্ষামূলক চালু ছিল।এক্সের একজন মুখপাত্র জানিয়েছেন , ফিচারটি ধীরে ধীরে সব ইউজারের জন্য চালু করা হচ্ছে। প্রথমে এটি আইওএস ইউজারদের জন্য ওপেন হবে এবং পরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।এই ফিচারের মাধ্যমে এক্স অ্যাপে নতুন একটি ট্যাব অ্যাড হয়েছে, যা গ্রোক এক্সএআই বাটনের পাশে দেখা যাবে। ট্যাবে ক্লিক করলেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও স্ক্রল করা যাবে।এদিকে,আমেরিকায় সাম্প্রতিক নিষেধাজ্ঞার মুখে টিকটক সাময়িকভাবে বন্ধ ছিল।যদিও পরে এটি চালু হয়েছে, তবে আইনি বাধ্যবাধকতা পালনে ৭৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই অবস্থায় টিকটকের ইউজারদের আকৃষ্ট করতে এক্স নতুন ভার্টিক্যাল ভিডিও ফিচার নিয়ে এসেছে।এক্সের নতুন ফিচারটি কিছু অল্প ভিডিও স্ক্রল করার পর বিজ্ঞাপন দেখাতে শুরু করে।এর মাধ্যমে ভিডিও কনটেন্টের মাধ্যমে ইউজারদের সম্পৃক্ত রেখে অতিরিক্ত আয় করতে পারছে প্রতিষ্ঠানটি।এই পদ্ধতি টিকটক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পরিচিত কৌশল। উল্লেখ্য ভিডিও ফিচারকে আরও আকর্ষণীয় করতে এক্সের আগে থেকেই বিভিন্ন উদ্যোগ চালু ছিল। ২০২২ সালে তারা টাইমলাইনে ভিডিও স্ক্রল করার ফিচার অ্যাড করে। একই বছর তারা একটি স্বতন্ত্র টিভি অ্যাপ চালু করেছিল, যেখানে কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও দেখানো হয়।
এদিকে টিকটকের প্রতিদ্বন্দ্বিতায় ইনস্টাগ্রামও নতুন ফিচার নিয়ে আসছে। রিলসের সময়সীমা বাড়িয়ে ৩ মিনিট করার পাশাপাশি মেটা নতুন একটি ভিডিও এডিটিং অ্যাপ এডিটস চালু করার ঘোষণা করেছে,যা ক্যাপকাটের মতো কাজ করবে।








