
ঘূর্ণিঝড় মান্থা-র প্রভাব এখনও পড়ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে। শুক্রবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
চারটি জেলায় রয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। তবে আগের চেয়ে তার পরিমাণ কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টি চলবে। উত্তরের প্রায় সব জেলাতেই রবিবার থেকে আবহাওয়া শুকনো হতে শুরু করবে। শনিবারও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার কলকাতা সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে। শনিবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।








