দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা!

0
38
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
ভরা বর্ষার দোসর ঘূর্ণাবর্ত। গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলছে।
কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে টানা। শুক্রবার রাতেও কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি আরও কিছু দিন চলবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবারের পর থেকে বৃষ্টি কমে আসবে। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই বর্ধমানেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার।
অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শনিবার এবং রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।