
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার দিন জুড়ে দুর্যোগের শঙ্কা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।








