
চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সঙ্গে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিস্তৃত।
সে কারণে আপাতত কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। ভিজবে কলকাতা শহরও। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা তেমন নেই। তবে বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। বুধবার দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। ঝ়়ড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে।
