
আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, লালকৃষ্ণ আডবাণীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।এই নিয়ে এক সপ্তাহে দুবার হাসপাতালে ভর্তি হয়েছেন লালকৃষ্ণ আডবাণী। এদিকে, তাঁর ফের অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বিগ্ন বিজেপি নেতা-কর্মীরা।২৬ জুন লালকৃষ্ণ আডবাণীকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়েছিল। ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তা জানা যায়নি। ইউরোলজিস্ট, হৃদ্রোগ বিশেষজ্ঞেরা পরীক্ষানিরীক্ষা করার ২৭ জুন তাঁকে ছেড়ে দেওয়া হয়।১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে লালকৃষ্ণ আডবাণীর জন্ম। ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন। প্রায় তিন দশক লম্বা রাজনৈতিক কেরিয়ারে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। ২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের তরফ থেকে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়। শারীরিকভাবে দুর্বল হওয়ায় লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন তুলে দেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু।




