রাজ্যসভার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক উপরাষ্ট্রপতির

0
79
ছবি সৌজন্যে : এক্স
উপরাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজ্যসভার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সিপি রাধাকৃষ্ণণ। রাজ্যসভার অ্যানেক্সে অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধীদল গুলি তাঁর কাছে আর্জি জানিয়েছে, জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলিতে আরও বেশি সময় বরাদ্দ করা হোক।
কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ। তিনি দাবি করেছেন সরকার কোন বিল আনলে অন্তত দুদিন আগে তার কপি দলগুলিকে দেওয়া হোক। যাতে বিল নিয়ে আলোচনায় বিরোধীরা তাদের বক্তব্য আরও গুছিয়ে পেশ করতে পারেন। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ। তিনি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন মুলতবি প্রস্তাব নিয়ে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার নজির রাজ্যসভায় নেই।
নতুন চেয়ারম্যান যেন এই বিষয়টি বিবেচনায় নিয়ে সভা পরিচালনা করেন। অন্যদিকে চেয়ারম্যান রাধাকৃষ্ণাণ দলগুলির প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা যেন অধিবেশন কক্ষের বিধি লঙ্ঘন না করেন। উপরাষ্ট্রপতি বলেছেন, এই ব্যাপারে সকলের দায়িত্বই সমান। সদস্যদের সবসময় রাজ্যসভার মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।