
অ্যাডভান্স বুকিংয়ের হিড়িক দেখেই আভাস মিলেছিল যে ছাবা পয়লা দিনেই ঝড় তুলে দেবে। সিনে বিশেষজ্ঞরাও ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভিকির ফিল্মি কেরিয়ারে সবথেকে বড় ওপেনিং হতে চলেছে এই ছবি। সেই ভবিষ্যদ্বাণীই যে সত্যি হয়েছে,সেটা জানান দিচ্ছে বক্স অফিসের রিপোর্ট।মাত্র তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে পঁচিশের বক্স অফিসে নতুন মাইলফলক গড়ে ফেলেছে ভিকি কৌশলের ,ছাবা।
যা অভিনেতার ফিল্মি কেরিয়ারেও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি ২০২৫ সালের বলিউডের বক্স অফিসেও বড় ওপেনার হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা। রিপোর্ট অনুযায়ী,পয়লা দিনে ছাবা’র আয় ৩৩ কোটি,দ্বিতীয় দিন শনিবারে তা আরও বেড়েছে। ৩৭ কোটি টাকার ব্যবসা করেছে ছাবা।রবিবারের আয় সবথেকে বেশি। ৪৯.৬৩ কোটি টাকা। আর সোমবার বিকেল পর্যন্ত ৬.৬৭ কোটি। সবমিলিয়ে তিন দিনেই ১০০ কোটি পার ছাবা’র।মোট ১২৫.২৬ কোটি টাকার ব্যবসা করে পঁচিশ সালের শুরুতেই ছাবা’র সুবাদে হুঙ্কার ছাড়ছে বলিউডে। সোমবার সেই উপলক্ষেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী বাবুলনাথ মন্দিরে পুজো দিয়েছেন ভিকি কৌশল। পরনে কুর্তা-পাজামা,পায়ে কোলাপুরি চপ্পল।ট্র্যাডিশনাল পোশাকে মন্দিরের গর্ভগৃহে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে বাবুলনাথ মন্দিরে প্রবেশ করেছেন অভিনেতা। ভক্তিভরে পুজোও দিয়েছেন। ছাবা’র সফল রিপোর্টকার্ডের মাঝেই সেই ছবি আপাতত ভাইরাল।সব মিলিয়ে ছাবা’র শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল।কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন।
একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল।একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা ভিকি।এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। এমনকি ১৪ তারিখ রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল।
