দু’সপ্তাহে হলফনামা, পার্থ-কাণ্ডে সিবিআইকে সুপ্রিম নির্দেশ 

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সংস্থাকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিং-র বেঞ্চ। গত নভেম্বরে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করার পরে শীর্ষ আদালতের কাছে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

তারই প্রেক্ষিতে এই নির্দেশ। ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তার আগে তাঁর নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব। একই সময়ে পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি।

তল্লাশিতে টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। পরে অর্পিতার আরও একটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ উদ্ধার হয়।