
মেয়ের মর্মান্তিক পরিণতির জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি এবং বিচার দিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছেন আর জি কর-র নিহত তরুণী চিকিৎসকের নির্যাতিতার বাবা-মা।
ভাইফোঁটার দিন নির্যাতিতার বাড়িতে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কৌস্তভ বাগচী, তাপস রায়-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা। সেখানেই শুভেন্দুর কাছে নির্যাতিতা বোনের বিচারের দাবি তোলেন আরজি করের নিহত চিকিৎসকের পরিবার। শুভেন্দু বলেছেন, তিনি একাধিকবার মঞ্চ থেকে, প্রতিবাদ মিছিল থেকে নির্যাতিতাকে বোন বলে সম্বোধন করে বলেছিলেন, বোনের বিচার চাই। তাই যখন তাঁর মা-বাবার সঙ্গে দেখা করলেন, তখন তাঁরা হৃদয়স্পর্শী কথা বলেছেন। তিনি আরও বলেন, আইনজীবী কৌস্তভ বাগচীর সঙ্গে কথা বলে তাঁরা তাঁর সঙ্গে দেখা করতে চাওয়ায় তিনি গিয়েছিলেন।
অমিত শাহের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে শুভেন্দুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ ব্যাপারে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কী কথা হয়েছে তা জনসমক্ষে বলতে চান না।
ছবি সৌজন্যে : নিজস্ব








