
নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তাঁদের এই আর্জি শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সিবিআইকে এই মামলায় যুক্ত করার পাশাপাশি আগামী সোমবার ফের বিষয়টি আদালতে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাঁদের আস্থা নেই। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, এমনই দাবি করেছেন নিহত চিকিৎসকের পরিবার। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে, আশঙ্কা চিকিৎসকের পরিবারের। ৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই।
ফলে, তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেছেন আর জি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এতেই নতুন করে ক্ষোভের উদগীরণ শুরু হয়েছে।সিবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নিহত চিকিৎসকের মা।
