
তামিলনাড়ুতে সরকার গঠনের জট এখনও অব্যাহত। তবে এই জটকে আরও জটিল করেছেন খোদ অভিনেতা তথা তামিলাগা ভেট্টি কাজাগম টিভিকে প্রধান থলপতি বিজয়!
একক বৃহত্তম দল হিসাবে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনে আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু তা রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে টিভিকে-কে। রাজ্যপালের কাছে পেশ করা সরকার গঠনের আবেদনে এক ‘ছোট্ট’ ভুল করে ফেলেছিলেন বিজয়।
আর সেটাই তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পথে কাঁটা হয়ে থাকতে পারে! তামিলনাড়ুর আরেক রাজনৈতিক দল ভিসিকে-র সমর্থন চাইতে গিয়ে পদ্ধতিগত ‘ভুল’ করে ফেলেছেন তিনি। ভিসিকে-র দাবি, হোয়াট্সঅ্যাপের মাধ্যমে তাদের সমর্থন চান বিজয়, যা তাঁর ‘ঔদ্ধত্য’! ইতিমধ্যে কংগ্রেস প্রকাশ্যেই বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে। তবে তার পরেও সরকার গড়তে গেলে যে আসন সংখ্যার প্রয়োজন, তার থেকে কয়েকটা কম রয়েছে। কংগ্রেসের সমর্থন পেলেও তামিলভূমে সরকার গড়তে বিজয়ের দলের আরও ছয় বিধায়কের সমর্থনের প্রয়োজন।
