বিজয়কে শর্ত, শপথের আগে সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ

0
73
ছবি সৌজন্যে : এক্স

তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের সরকার গড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকরের‌ সিদ্ধান্তে।‌ সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আহ্বান জানান রাজ্যপাল।

সেই সঙ্গে শপথের পর নির্ধারিত দিনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হয় নতুন সরকারকে। কিন্তু তামিলনাড়ুর রাজ্যপাল এই প্রচলিত পথে না হেঁটে তিনি টিভিকে প্রধান বিজয়কে আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ‌ দিতে বলেছেন। এদিকে তামিলনাড়ুতে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক নম্বর হলো ১১৮ বিধায়কের সমর্থন। ত্রিশঙ্কু বিধানসভায় সবচেয়ে বেশি ১০৮ আসনে জয়ী হয়েছে দু’বছর বয়সি দল অভিনেতা বিজয়ের পার্টি তামিলিগা ভেত্তি কাজাঘাম বা টিভিকে। উল্লেখ্য, সরকার গড়তে কংগ্রেসের ৫ এবং দুই কমিউনিস্ট পার্টি সিপিএম ও সিপিআই এর চার বিধায়ক বিজয়কে সরকার গড়তে সমর্থন দেওয়ার কথা জানিয়ে রেখেছে। আঞ্চলিক দল ভিসিকে ঘোষণা করেছিল, তারাও বিজয়কে সমর্থন দেবে। এখন তারা সুর চড়িয়ে বলেছে, বিজয়ের দলকে লিখিতভাবে তাদের সমর্থন চাইতে হবে। তবে রাজ্যপালের ভূমিকা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে দক্ষিণের রাজ্যটিতে।

তামিলনাড়ুতে বিজেপি মাত্র একটি আসনে বিজয়ী হয়েছে। সেখানে এনডিএ জোটের প্রধান শরিক এআইএডিএমকে জয়লাভ করেছে মাত্র ৪৭টি আসনে। ৫৯টিতে জিতেছে বিদায়ী শাসক দল ডিএমকে। তামিলনাড়ু রাজনৈতিক বাস্তবতা এমনই যে ডিএমকে এবং এআইএজিএমকে জোট করে সরকার গড়বে না। তারপরও রাজ্যপাল বিজয়কে বলেছেন তিনি সরকারের স্থায়িত্ব নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চান না। তিনি চান প্রথম দিন থেকেই একটি স্থায়ী সরকার রাজ্যে গঠিত হোক। সেই কারণেই রাজভবন শপথ গ্রহণের আগে বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছে।