
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই জনকল্যাণমূলক একাধিক সিদ্ধান্তে সই করে চমক দেখিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবীদ হওয়া থালাপতি বিজয়। দায়িত্বের প্রথম দিনেই তিনি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেন।
তরুণ ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তায় বিজয় বলেছেন, যারা তাকে বিজয় মামা বলে ডাকে, তাদের জন্যই তিনি কাজ করবেন। তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন বলেও জানান। চেন্নাইয়ে শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে বিজয় তার পরিচিত তামিল সম্বোধন, এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম দিয়ে বক্তব্য শুরু করেন।
তিনি বলেছেন, তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান এবং রাজ্যের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। আলাদা বাহিনী ও হেল্পলাইন, একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও জলের সরবরাহও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। ভাষণে তিনি আরও বলেছেন, ডিএমকে সরকারের সময় রাজ্যের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং বিপুল ঋণের বোঝা নিয়ে তার সরকার দায়িত্ব নিয়েছে। তবু জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
