
মাস দুয়েক ধরেই সিনেদুনিয়ায় দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি নিয়ে শোরগোল। নতুন করে বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির লড়াই মাথা চাড়া দিয়েছে! কারণ দক্ষিণী বিনোদুনিয়ার একাধিক তারকা দীপিকার শর্ত নিয়ে বাঁকা হাসি হেসেছে।
সেই তালিকায় রাশমিকা মান্দানাও রয়েছেন। তার ব্যতিক্রমও রয়েছে অবশ্য।দীপিকার দাবিতে আগেই সায় দিয়েছিলেন কাজল, অজয় দেবগন, সাইফ আলী খান, রাধিকা আপ্তেরা।মা হিসেবে কাজের পাশাপাশি সন্তানকে সময় দেওয়াও যে গুরুত্বপূর্ণ সে কথা একবাক্যে তারা মেনে নিয়েছেন। এবার দীপিকা পাড়ুকোনকে সমর্থন জানিয়েও যেন আক্ষেপের সুর বিদ্যা বালানের কণ্ঠে।বিদ্যার ভাষ্যে, মায়েরা ঠিক কত ঘণ্টা কাজ করবেন, সেটা সত্যিই একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। কেউ যদি মা হিসেবে সময় বেঁধে কাজ করতে চান, সেটা একদম ন্যায্য দাবি।কারণ সদ্য মা হওয়া অভিনেত্রীদের ইন্ডাস্ট্রিতে কাজের সময় নিয়ে শিথিলতা থাকা দরকার। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই বর্তমানে এমন ব্যবস্থা করা হচ্ছে। যাতে নতুন মায়েদের কাজের জগৎ থেকে হারিয়ে না ফেলি। আর সেই প্রেক্ষিতেই নারীদের কাজের সময়সীমা ফ্লেক্সিবল হওয়া উচিত।এর পরই অভিনেত্রীর সংযোজন, তিনি মা হননি বলে তাঁর অবশ্য ১২ ঘণ্টা কাজ করতে আপত্তি নেই। তা ছাড়া তিনি যে ধরনের সিনেমায় কাজ করেন সেটা আট ঘণ্টায় শেষ করার মতো সামর্থ্য নেই। তিনি যেহেতু মা নন এবং পৃথিবীর সব সময় তাঁর হাতে রয়েছে, তাই বারো ঘণ্টার শিফটেই কাজ করেন।
প্রসঙ্গত, আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না, সন্দীপ রেড্ডি ভাঙাকে শর্ত বেঁধে দেওয়ায় স্পিরিট সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে বিগ বাজেট দক্ষিণী সিনেমা হাতছাড়া হওয়ায় কোনো আক্ষেপ নেই অভিনেত্রী দীপিকার।









