
প্রায় এক যুগের বেশি সময় পর মায়ানগরী মুম্বইতে দুদিনব্যাপী কনসার্ট করতে এসেছিলেন এনরিকে ইগলেসিয়াস। মুম্বইয়ের আমজনতা থেকে তারকা সকলের মধ্যেই এই কনসার্ট নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে।
এমনকী, এই কনসার্টে বলি তারকারাও ছিলেন রীতিমতো প্রস্তুত। এই আবহেই নায়িকা বিদ্যা বালান স্মৃতির পাতা থেকে শেয়ার করে নিয়েছেন প্রায় দু’ দশক আগের ঘটনা। কীভাবে সেই সময় এনরিকের কনসার্ট থেকেই বদলে গিয়েছিল বলিউডের পরিণীতার জীবন? অকপটে জানিয়েছেন নায়িকা। ২০০৪, বন্ধু পবিত্রর সঙ্গে তখন মুম্বইয়ে এনরিকের কনসার্ট শুনতে গিয়েছিলেন বিদ্যা। মজে রয়েছেন এনরিকের কণ্ঠে। এমন সময় পরিচালক প্রদীপ সরকারের ফোন আসে বিদ্যার কাছে। আর তারপর ঠিক কীভাবে পালটে যায় তাঁর জীবন? ফিল্মি কেরিয়ারে বদল কীভাবে আসে তা এক সাক্ষাৎকারে জানাতে গিয়ে নায়িকা বলেছেন, বন্ধু পবিত্রর সঙ্গে এনরিকের কনসার্টে গিয়েছিলেন। এমন সময় পরিচালক প্রদীপ ফোন করেন। তিনি ওই সময় আমাকে ফোনে না পেয়ে পবিত্রকে ফোন করেন। জিজ্ঞেস করেন বিদ্যা কোথায়? এরপর পবিত্র, ফোন বিদ্যাকে দেয়। বিদ্যা ওই মুহূর্তে প্রদীপদাকে বলেন যে, কনসার্টে আছেন পরে কথা বলতে চান। বিদ্যা এটা বলার পর প্রদীপ বলেন ,যেখানে আছ সেখান থেকে বেরিয়ে এসে কথা বলো।
কারণ বিধু বিনোদ চোপড়া তোমার সঙ্গে কথা বলতে চান। আর এরপরই বিদ্যার ফিল্মি কেরিয়ারের ভাগ্যের চাকা ঘুরে যায়। ফোনে কথা হয় বিধু বিনোদ চোপড়ার সঙ্গে এবং তিনি ফোনের ওপার থেকে বিদ্যাকে বলেন,তুমিই আমার ছবির পরিণীতা। একদিকে ফোনের ওপার থেকে এমন একটা খবর, জীবনের এমন একটা প্রাপ্তি আর অন্যদিকে তখন এনরিকে স্টেজে গাইছে তাঁর বিখ্যাত গান ,হিরো।









