
সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণী সিনেমার পাওয়ার কাপল রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। উদয়পুরের আইটিসি মেমেন্টোসে এক রাজকীয় অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।
আর বিয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয় এক অভূতপূর্ব উন্মাদনা, যা এর আগে বলিউডের কোনো তারকা দম্পতির ক্ষেত্রে দেখা যায়নি।তেলেগু ও কোদাভা রীতির সংমিশ্রণে আয়োজিত এই বিবাহ অনুষ্ঠান যেমন আভিজাত্যে ভরপুর ছিল, তেমনই ছিল আবেগে মোড়া। বিয়ের রেশ কাটতে না কাটতেই রাশমিকা যখন নববধূর বেশে বিজয়ের সঙ্গে ছবি পোস্ট করেন,তখন লাইক আর কমেন্টের বন্যায় ভেসে যায় ইনস্টাগ্রাম। মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে রাশমিকার সেই পোস্টে ১৮ মিলিয়নের বেশি মানুষ ভালোবাসা জানিয়েছেন। এর ফলে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ১৫.৮ মিলিয়ন এবং আলিয়া ভাট ও রণবীর কাপুরের ১৪.১ মিলিয়ন লাইকের রেকর্ড মিশিয়ে দিয়ে ভিরোশ’ জুটি এখন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দম্পতির খেতাব দখল করে নিয়েছেন।বিয়ের খবরটি শেয়ার করে নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাশমিকা। তিনি বিজয়কে তার জীবনের শান্তিকর্তা এবং স্বপ্নপূরণের কাণ্ডারি হিসেবে বর্ণনা করেন। দীর্ঘ ক্যাপশনে তিনি লিখেছেন, বিজয়ের সঙ্গেই তার জীবনের প্রতিটি লড়াই এবং আনন্দ আজ পূর্ণতা পেল। অন্যদিকে বিজয় তার স্বভাবসুলভ সহজ ঢঙে জানান, প্রিয় বন্ধুকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার অনুভূতি কতটা বিশেষ।তিনি উপলব্ধি করেছেন, পাশে রাশমিকা থাকলে জীবনের সাধারণ খাবার কিংবা কঠোর শরীরচর্চাও অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে।
এদিকে উদয়পুরের সেই বিয়ের আসর থেকে শুরু করে দেশের আনাচে-কানাচে দুই তারকার ফ্যানদের মধ্যে আনন্দের ছায়া নেমে এসেছে।এমনকি বিবাহস্থলের বাইরে উপস্থিত আলোকচিত্রীদের মধ্যেও নবদম্পতির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে।







