ফ্রান্সে চ্যাম্পিয়নস লিগ জয়ের ঘিরে হিংসা, ধৃত ৪১৬

0
21
ছবি সৌজন্যে : এক্স
চ্যাম্পিয়নস লিগে পিএসজির শ্রেষ্ঠত্বের উদযাপন ঘিরে হিংসার জেরে ফ্রান্সে ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪১৬ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ঠেকাতে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়। তবে বিক্ষোভ ও সংঘর্ষের কারণে বাস, ট্রেন ও রেল চলাচল ব্যাহত হয়। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গত বছরও পিএসজি একই শিরোপা জয়ের পর উদযাপন হিংসার রূপ নিয়েছিল এবং কয়েকজনের প্রাণহানি ঘটেছিল। তবে এবার প্রশাসন আগেভাগেই কঠোর প্রস্তুতি নেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় খুবই শক্তিশালী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পিএসজির জয় নিশ্চিত হওয়ার পরপরই প্যারিসের ঐতিহাসিক শঁজেলিজে সড়কে হাজারো সমর্থকের ঢল নামে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় ফ্লেয়ার জ্বালানো হচ্ছে, বৈদ্যুতিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং অন্তত একটি দোকানের কাচ ভাঙচুর করা হয়েছে। এর আগে দিনের বেলায় পিএসজির নিজস্ব স্টেডিয়াম পার্ক দে প্রাঁসে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখতে জড়ো হওয়া সমর্থকদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ হয়।